প্রকৃতি এখন মারাত্মক রূপ নিয়েছে। সিলেট অঞ্চলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যা জনজীবনের পাশাপাশি পর্যটকদের জন্যও ঝুঁকির সৃষ্টি করেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিপজ্জনক হয়ে উঠেছে।
এ অঞ্চলেরই অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের সাদা-পাথর।
সারাদেশের পর্যটকদের অত্যন্ত পছন্দের এই পর্যটনকেন্দ্রটি ক্রমশঃ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি বিবেচনা করে প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। আবহাওয়া স্থিতিশীল হলে পর্যটনকেন্দ্রটি আবার খুলে দেয়া হবে।
শুক্রবার (৩০ মে) সাদাপাথর বন্ধের ঘোষণায় স্বাক্ষর করেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার। তবে তা জানা গেছে রবিবার।
এই বিলম্বের কারণ জানাতে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, গত শুক্রবার ঢল নামছিল খুব। এ অবস্থায় জরুরী ভিত্তিতে আমি বন্ধের নোটিশে স্বাক্ষর করি। তবে যেহেতু শক্র শনি ছুটির দিন ছিল সে কারণে আমার জারিকারকরা হয়ত জারি করতে পারেনি। তাই এই বিলম্ব।
তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে আবার সাদাপাথর পর্যটনকেন্দ্রটি খুলে দেয়া হবে।




