স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আগের থেকে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে। আগে মব বা এ জাতীয় অপরাধ ঘটলে আমরা তেমন খবর পেতাম না।
রবিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। নির্বাচনের পরিবেশ তৈরি শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে প্রস্তুত থাকতে হয়। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো বলেন, পুলিশের গুরুত্বপূর্ণ এ ইউনিটে জনবল ঘাটতি রয়েছে। তা সত্ত্বেও দেশের শিল্প সেক্টরের বিভিন্ন সমস্যা নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দেশে যেহেতু শিল্প ও কলকারখানার সংখ্যা দিনদিন বাড়ছে, তাই এই বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টির সমাধানে সরকার কাজ করছে। উত্তরা পূর্ব থানার কিছু সমস্যা ছিলো, থানা পরিদর্শনের পর সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। ইতোমধ্যে তাদের ওয়াশরুমের সমস্যার সমাধান করা হয়েছে।
এর আগে, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি বা জঙ্গিবাদ নেই। সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিগত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে, তাদের কেউ জঙ্গি নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছে। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন, সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সাথে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই।
রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানি প্রক্রিয়া দেখার জন্যই কার্গো ভিলেজ পরিদর্শনে আসা। যেহেতু আমাদের দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের নতুন এক্সপোর্ট টার্মিনাল, সেখানে যদি কোনো মালামাল বা পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে, তাহলে সঙ্গে সঙ্গে এসব মাল কোল্ড স্টোরেজে রাখা যাবে। বর্তমানে বিমান যদি ওভারলোড হয়, তাহলে যেসব মাল রেখে দিতে হয়, সেগুলো রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে। আমরা শুধু একটা-দুইটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।




