ভারতের টেপ টেনিস ক্রিকেটকে একটা পেশাদার মঞ্চে তুলে আনার প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছিল ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)। দুই মৌসুম পেরোতেই এখন সেই লিগের রমরমা অবস্থা। একের পর এক বলিউড তারকারা দল কিনছেন আইএসপিএলে। কিছুদিন আগে দিল্লি দলের মালিক হয়েছেন সালমান খান, এবার আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিলেন অজয় দেবগন।
সব মিলিয়ে আইএসপিএলের মালিকদের তালিকায় বলিউড তারকার ছড়াছড়ি। সালমান, অজয়ের আগে এই লিগে দল কিনেছিলেন অমিতাভ বচ্চন (মাঝি মুম্বাই), সাইফ আলী খান ও কারিনা কাপুর (টাইগার্স অব কলকাতা), অক্ষয় কুমার (শ্রীনগর কে বীর), সূর্য শিবকুমার (চেন্নাই সিংগামস), হৃতিক রোশন (বেঙ্গালুরু স্ট্রাইকার্স) ও রাম চরণ (ফ্যালকন রাইজার্স হায়দরাবাদ)।
ভারতের প্রথম টেনিস বলের এই টি-টেন লিগের মূল কমিটিতে আছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ আশিস শেলার, আমোল কালে এবং আইপিএল কমিশনার সুরাজ সামত। আর পুরো টুর্নামেন্টের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারত জাতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
আইএসপিএলের তৃতীয় মৌসুম সামনে রেখে এক অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার বলেছেন, ‘এর মূল ভাবনা হলো যাঁরা টেনিস বলের ক্রিকেট খেলেন, তাঁদের স্বপ্নপূরণের মঞ্চ তৈরি করে দেওয়া। এখানে শুধু খেলার সুযোগ নয়, নিজেকে প্রমাণ করারও জায়গা পাবেন ক্রিকেটাররা। এবার নতুন দল যুক্ত হওয়ায় আরও বেশি তরুণ সুযোগ পাবেন।’
আইএসপিএলে যুক্ত হয়ে অজয় বলেছেন, ‘এই লিগ শুধু নতুন প্রতিভা খুঁজে বের করছে না, তাদের আলো ছড়ানোর মঞ্চও দিচ্ছে। আহমেদাবাদের মতো প্রাণবন্ত শহরের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। এখন সময় পুরো দেশ একসঙ্গে ভারতের চ্যাম্পিয়নদের উদ্যাপন করুক।’
আইএসপিএলের তৃতীয় মৌসুমের জন্য ইতিমধ্যে ৪২ লাখের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। এখনো নিবন্ধন চলছে। ট্রায়াল হবে ভারতের ১০১টি শহরে।




