ব্রিটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে কার্ডিফের বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ার ট্রেজারার এবং বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ ছাড়া আগামী দুই বছরের জন্য ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান।
সভায় সংগঠনের আর্থিক ও বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মকাণ্ডের দিকনির্দেশনা এবং কমিউনিটির উন্নয়নমূলক উদ্যোগ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সমাজসেবামূলক কাজ ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। তিনি সংগঠনের আগামী দিনের কার্যক্রমে কার্ডিফ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন।
সভা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।




