ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক চিকিৎসক হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগ।
বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানিয়েছে, ড. দাউদির হত্যার দায়ে দেওয়া ‘কিসাস’ (প্রতিশোধমূলক শাস্তি) সাজাটি আজ সকালে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের রাজধানী ইয়াসুজ শহরে জনসমক্ষে কার্যকর করা হয়েছে।
বিচার বিভাগ আরও জানায়, আসামির মানসিক স্বাস্থ্য মূল্যায়নের পর আদালত মৃত্যুদণ্ডের রায় দেয় এবং দেশটির সর্বোচ্চ আদালতও সেই রায় বহাল রাখে।
প্রাদেশিক প্রসিকিউটর ওয়াহিদ মুসাভিয়ানকে উদ্ধৃত করে মিজান জানিয়েছে, ‘যারা সমাজ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, তাদের জন্য এই শাস্তি একটি স্পষ্ট বার্তা।’
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য সংস্থার তথ্যানুসারে, চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হলো ইরান। ইরানে সাধারণত মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়, তবে মাঝে মাঝে প্রকাশ্যেও এ ধরনের শাস্তি কার্যকর করা হয়।
সূত্র : এএফপি




