ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গন্ডাছড়া এলাকায় ঘন জঙ্গল থেকে মানুষের একটি কংকাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গন্ডাছড়ার উত্তর হরিপুর এডিসি ভিলেজসংলগ্ন জঙ্গলে কংকালটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে উত্তর হরিপুর গ্রামের এক গো-পালক প্রতিদিনের মতো গরু চরাতে হরিপুরের মূল সড়ক থেকে কয়েক শ মিটার ভেতরে জঙ্গলের দিকে যান। জঙ্গলের গভীরে ঢোকার পর একটি বড় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মানুষের আকৃতির একটি কংকাল তাঁর নজরে আসে। দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে তিনি দ্রুত গ্রামবাসীদের খবর দেন।
খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। পরে বিষয়টি গন্ডাছড়া থানায় জানানো হলে ওসি অসীম সরকারের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় এবং কংকালটি নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ ও পরিচয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।




