নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক দুই দফা মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্য অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম। অভিযানে মহাসড়কের পাশে কয়েকটি টিনের তৈরি গুদামঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটারের চারটি ব্যারেল, ৪০ লিটারের একটি ডিজেল কনটেইনার এবং ৫ লিটারের একটি পেট্রোল কনটেইনারসহ মোট ৮৪৫ লিটার জ্বালানি জব্দ করা হয়।
এ সময় কুন্দারপাড়া এলাকার বাসিন্দা মো. আল-আমিনকে ‘বন্ধু হোটেল’ সংলগ্ন স্থানে অবৈধভাবে প্রায় ৪০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে একই দিন বিকেল আনুমানিক তিনটার দিকে কুন্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি), শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফার অভিযানে মহাসড়কের পাশে অবস্থিত দুটি গুদামঘর থেকে আরও ৮০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো মজুদকারীকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





