মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন, তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়া ভুক্তভোগীদের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে বকুল বেগমসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয় লোকজন অভিযুক্ত হেলিম মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।





