কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় ভোক্তাদের কম পরিমাণ জ্বালানি তেল সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটেশ্বরী এলাকায় অবস্থিত মেসার্স আর. আর. ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুদসংক্রান্ত তথ্য যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তা প্রতারণার শামিল।
অভিযানে আরও দেখা যায়, ফিলিং স্টেশনের ভূগর্ভস্থ সংরক্ষণ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট নেই। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল, যা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।
এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ সংগ্রহের জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





