সিলেট মহানগরীর সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সিলেট বিএনপির নেতৃবৃন্দ।
এর আগে প্রধানমন্ত্রী সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সকাল ১০টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনকালে তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।




