মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদে ফজরের নামাজ চলাকালে এক মুসল্লিকে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম হাফিজ মিয়া (৫০), যিনি হাফিজ উল্লাহ নামেও পরিচিত। তিনি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরে হাফিজ মিয়া ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজের একপর্যায়ে সিজদারত অবস্থায় অভিযুক্ত জসিম মিয়া অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। তিনি পকেটে থাকা একটি কলম দিয়ে হাফিজ মিয়ার চোখ, মুখ, মাথা ও গলায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
মসজিদে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকান থেকে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মসজিদের মতো ধর্মীয় স্থানে এ ধরনের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




