কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার চাকিরপশার বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাকিরপশার বিলসহ আশপাশের জলাশয়ে অবৈধভাবে ‘চায়না দুয়ারি’ জাল (ফিক্সড ইঞ্জিন) ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। এতে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছিল এবং স্থানীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়।
মোবাইল কোর্টের অভিযানে মোট ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে স্থানীয় জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তারা জানান।





