কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন সম্পর্কিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
এসময় সংগঠনটির আহ্বায়ক শাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য নূর উদ্দিন ও সাব্বিরসহ অন্য নেতাকর্মীরা।
আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘শেখ হাসিনা সরকার পালানোর পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ড. ইউনূস সরকারের নেতৃত্বে আমরা একটি নতুন সরকার পেয়েছিলাম। তার নেতৃত্বে একটি ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। ওই কমিশনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে একটি সনদ তৈরি করেছিল। সেখানে তাদের প্রস্তাব, লিখিত প্রস্তাব দাখিল করেছিল। আর সেই সনদে প্রথমে বিএনপি স্বাক্ষর করেছিল। জামাতসহ অন্যান্য দলও স্বাক্ষর পরবর্তীতে স্বাক্ষর করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। তবে কিছু ব্যাপারে বিএনপি ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছিল। এগুলোতে বিএনপি আগেই আপত্তি জানিয়েছিল যে আমরা এই বিষয়গুলো সংস্কার করব না। কিন্তু বিরোধী দলের বটবাহিনী নিয়মিত আক্রমণ চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে যে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক কথার মানুষ। আমরা বিশ্বাস করি করি যে, নোট অব ডিসেন্ট ব্যাতীত জুলাই সনদের প্রতিটি অক্ষরই বাস্তবায়ন তিনি করবেন। বটবাহিনীর অপপ্রচার এ যাতে শিক্ষার্থীরা ভুল না বুঝে এজন্যই আমরা এই লিফলেট প্রচার করছি।’




