যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন বার্মিংহামের নবনির্বাচিত কার্যকরী কমিটির এক পরিচিতি ও সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
পুৃনর্নির্বাচিত সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয়। পাশাপাশি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন বার্মিংহাম প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কামাল আহমদ, সহ-সভাপতি জুনায়েদ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাখন মিয়া, কোষাধ্যক্ষ রফিকুর রহমান রফু, আব্দুল মোহিত, বদরুল আলম চৌধুরী, কামাল হোসেন, আশিক মিয়া, মজনু মিয়া, শামিম খান, এনামুল ইসলাম ও জয়নাল ইসলাম প্রমুখ।
সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।




