মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের ওভারটেককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) বেলা একটার দিকে শহরের হবিগঞ্জ রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মধ্যে ওভারটেক নিয়ে প্রথমে চালকদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের শ্রমিক ও চালকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ ছড়িয়ে পড়লে চৌমুহনীসহ আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন থেকে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শত শত যানবাহন আটকে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেল চারটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দোকানপাট খুলে যায়। তবে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় নতুন করে নাশকতার আশঙ্কায় শহরে থমথমে পরিস্থিতি রয়েছে।
বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে মৌলভীবাজার–৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী আহত সাংবাদিকদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার কথা জানান।





