কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে র্যাব-১৩, রংপুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামের এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নয়ন উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।





