নরসিংদীর বেলাবতে বিপুল পরিমাণ বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের গামী লেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি নীল-হলুদ রঙের ডিস্ট্রিক ট্রাক থেকে ৩৪০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। ট্রাকটির আনুমানিক মূল্য আরও ১৯ লাখ টাকা।
আটককৃতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার ছয়না (ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ বেপারীর ছেলে রসুল বেপারী (৩৯) এবং একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মো. রাকিব খাঁন (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এসআই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ জানান, ওইদিন সন্ধ্যায় তিনি সংগীয় ফোর্স নিয়ে কিলো-৬ এলাকায় নিয়মিত ডিউটি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, একটি ট্রাকে বিপুল পরিমাণ বিদেশী মদ পাচার করা হচ্ছে। খবর পেয়ে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় দ্রুত সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের ট্রাকসহ আটক করা হয়।
তল্লাশীকালে ট্রাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— Royal Green Deluxe Blended Whisky (180ml) : ৯০ বোতল। Royal Stag Deluxe Whisky (180ml) : ৮৫ বোতল। McDowell’s No1 Reserve Whisky (180ml) : ১৩৫ বোতল। Royal Green Deluxe Blended Whisky (375ml) : ১৫ বোতল। AC Black Pure Grain Deluxe Whisky (375ml) : ১৫ বোতল। সব মিলিয়ে উদ্ধার হওয়া মদের পরিমাণ প্রায় ৬৭ লিটার ৫০ মিলি।
এ ঘটনায় এসআই শিহাব আহম্মেদ বাদী হয়ে বেলাব থানায় মামলা নং-১২, তারিখ-১৩/০৯/২০২৫ ইং দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী। আটক আসামিদের পরদিন (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিঃ) আবদুল ছামাদকে।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক বিরোধী অভিযানে বেলাব থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




