হবিগঞ্জের লাখাইয়ে ‘নববর্ষের ঐক্যতার, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি কালাউক সড়ক বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ মুর্শেদ আলম, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে লাখাই উপজেলায় নববর্ষ উদ্যাপন পায় উৎসবমুখর রূপ।




