বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইনস মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশে অংশ নেন পুলিশ সদস্যরা। খেলায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত দুটি দল অংশ নেয়। পুরো ম্যাচজুড়ে উভয় দল দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ আল-ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী আজমীরা পারভীন।
খেলা চলাকালে গ্যালারিতে উপস্থিত দর্শক ও পুলিশ সদস্যরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলা নববর্ষকে কেন্দ্র করে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





