মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকার প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্নতা ও খনন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি খালের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ দূষণ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, খালটি সচল থাকলে কৃষি উৎপাদন, মাছের আবাসস্থল ও স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।





