ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপারে কখনো আপস করবে না। মুসলমানদের ইসলামী দিবসসমূহের মধ্যে ইয়াওমে আশুরা স্মরণীয়। এ দিনটিকে আমরা বিভিন্নভাবে স্মরণে রাখি।
সোমবার (৭ জুলাই) রাতে ইয়াওমে আশুরা ও ছারছীনা শরীফের মরহুম পীর মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে ছারছীনা শরীফে আয়োজিত খাছ তালিমী জলসায় তিনি এসব বলেন। মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মোমতাজী, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া প্রমূখ।
ছারছীনার পীর বলেন, আলিয়া মাদরাসার সিলেবাসে আওলিয়ায়ে কেরামদের ইতিহাস নিয়ে বর্তমানে বিভিন্ন পাঁয়তারা চলছে, এটা নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকে অবাঞ্চিত করা হবে। ছারছীনা দরবারকে নিয়ে একদল লোক সমাজে বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত করছে। আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তাদের সকল ধরণের ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় শায়খ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) গত বছর এ দিনেই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তাই এ দিনটি আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। আমরা মরহুমকে আর ফিরে পাব না কিন্তু তার আদর্শ অনুসরণ অনুকরণ করলেই আমাদের জীবন হবে সফল ও সার্থক। মরহুম পীর ছাহেব শরীয়তের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। শরীয়তের খেলাফ কোন কাজ তিনি বরদাশত করতেন না। তিনি আকিদা ও আদর্শের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, আমরা জীবন দিয়ে হলেও আকিদা ও আদর্শের ব্যাপারে কখনো আপস করবে না। তিনি সুন্নাতের পরিপূর্ণ পাবন্দ ছিলেন। তার জীবনের শেষ নসিহত ছিল আল্লাহ ও তার রাসূলকে কখনো ছাড়বে না এবং সাহাবাদের পথ ও মত মেনে আমাদের জীবন পরিচালিত করতে হবে।




