বার্মিংহামের স্মল হিথ এলাকায় বেপরোয়া ড্রাইভিং, অতিরিক্ত গতি, রাস্তা দখল করে পার্কিং এবং নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে গ্রিন লেন মসজিদ।
শুক্রবার (২৫ জুলাই) মসজিদটির উদ্যোগে স্মল হিথের মরিসনস পার্কিং এলাকায় একটি লাইভ ‘ক্র্যাশ সিন’ প্রদর্শনের মাধ্যমে বাস্তবধর্মী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে দুটি ভাঙা গাড়ি দিয়ে একটি দুর্ঘটনার দৃশ্য তৈরি করা হয় এবং সেখানে ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে দেখান, কীভাবে জরুরি পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় শতাধিক স্থানীয় বাসিন্দা সরাসরি ঘটনাটি প্রত্যক্ষ করেন।
গ্রিন লেন মসজিদ কর্তৃপক্ষ জানায়, একই দিনে জুমার খুতবায় বেপরোয়া ড্রাইভিংয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা হয়, যা অনলাইনে চার হাজারেরও বেশি মানুষ দেখেছেন।
মসজিদ কর্তৃপক্ষ বলেন, “নিজের জীবনের পাশাপাশি অন্য নিরীহ মানুষের জীবন বিপন্ন করে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা পরিবার ও তরুণদের সচেতন করতে চাই—গতি, বেপরোয়া মনোভাব ও নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং কতটা বিপজ্জনক হতে পারে তা বুঝিয়ে দেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, রাস্তার নিরাপত্তা নিয়ে সমাজে আরও বেশি আলোচনার প্রয়োজন আছে এবং সবার উচিত দায়িত্বশীলভাবে গাড়ি চালানো ও পার্কিং করা।
বার্মিংহাম শহরে গত ১৮ মাসে একাধিক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে, যার জেরে শহরজুড়ে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই প্রেক্ষিতে সচেতনতামূলক এই উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।




