বলিউড অভিনেত্রী বিপাশা বসু আবারও আলোচনায়। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যায়, তিনি বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই মঞ্চে উপস্থিত। ভিডিওর ক্যাপশনে বিপাশা লিখেছেন— “আইকনিক স্টেজ মোমেন্ট, বিপাশা বসু উইথ রোনালদো।”
জানা গেছে, ২০০৭ সালে পর্তুগালের লিসবনে এক অনুষ্ঠানে তারা একসঙ্গে মঞ্চে উঠেছিলেন। পরবর্তীতে আফটার পার্টিতেও তাদের একসঙ্গে দেখা যায়। সে সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ছবিতে রোনালদো বিপাশাকে চুম্বন করছেন—এমন ধারণা করেছিলেন অনেকে। তবে বিপাশা পরবর্তীতে ভারতীয় টক শো ‘আপকে আদালত’–এ স্পষ্ট করে জানান, সেটি চুম্বনের মুহূর্ত ছিল না; বরং শব্দের কারণে রোনালদো তাকে শোনাতে কাছে ঝুঁকেছিলেন, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে।
রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সাম্প্রতিক বাগদানের পর পুরনো সেই ছবি ও ঘটনাটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। তবে বিপাশা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, দীর্ঘ আট বছরের সম্পর্কের পর রোনালদো ও জর্জিনা বাগদান সম্পন্ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আংটির ছবি পোস্ট করে জর্জিনা লিখেছেন— “হ্যাঁ, তোমাকেই চাই এই জীবন আর সব জীবনে।”
বর্তমানে রোনালদো ও জর্জিনা পাঁচ সন্তানের বাবা-মা। তাদের সন্তানরা হলো—ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ ইভা ও মাতেও, আলানা এবং বেলা।




