বিশ্বকাপে শাকিরার গান নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ছিল তাঁর গাওয়া বিখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা’ (দিস টাইম ফর আফ্রিকা)। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখনো কমেনি তার আবেদন। সেই শাকিরাই এবার মাতাতে আসছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে।
কলম্বিয়ান এই পপ তারকা নতুন একটি গানের এক মিনিটের টিজার প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে শাকিরা লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো “ডাই ডাই”, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’ গানটিতে তাঁর সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়।
ভিডিওতে শাকিরাকে দেখা যায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের মাঠে। তাঁর হাতে ছিল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। এ ছাড়া কোরিওগ্রাফিতে ব্যবহার করা হয়েছে আরও তিনটি বিশ্বকাপের বল—২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল বল।
ভিডিওটিতে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদেরও দেখা যায়। ফুটবল উৎসবের আবহকে ঘিরে নির্মিত গানটি আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের মিশ্রণে তৈরি।
গানটির কোরাসে শোনা যায়, ‘ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো।’ এখানে ‘ডাই’ শব্দটি সম্ভবত ইতালীয় ভাষার উৎসাহসূচক অভিব্যক্তি ‘দাই’ থেকে নেওয়া। আর ‘দালে’ ও ‘আলে’ স্প্যানিশ ভাষায় বহুল ব্যবহৃত উৎসাহসূচক শব্দ।
ভিডিও ক্লিপটি ফিফার অফিশিয়াল বিশ্বকাপ এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। জানা গেছে, ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল গানটি।
২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’র আগে ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ‘হিপস ডোন্ট লাই’ গানে পারফর্ম করেছিলেন শাকিরা। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ করেছিলেন ‘লা লা লা’। সেই ধারাবাহিকতায় এবারও বিশ্বকাপের মঞ্চে থাকছে তাঁর উপস্থিতি।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।




