ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নালন্দার একটি শীতলা মন্দিরে পূজা দিতে বিপুলসংখ্যক নারী ভক্ত সমবেত হন। প্রতি মঙ্গলবার ওই মন্দিরে ভক্তদের ভিড় থাকলেও চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় এদিন অতিরিক্ত ভিড় হয়। ভিড়ের চাপে কিছুক্ষণের মধ্যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ছোটাছুটি শুরু হয়।
একপর্যায়ে সরু গলি দিয়ে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অনেকেই মাটিতে পড়ে যান। পরে ভিড়ের চাপেই পদপিষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়। আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। তিনি সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকার কথা জানান। ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য পাটনার কমিশনারকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।





