হবিগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে হবিগঞ্জ শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তানিম এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং এইচ এম এস এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে র্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
এদিকে, একই অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে ভোজ্য তেলের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হয়।
হবিগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন- বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।




