বুধবার (২০ মে) “ঐতিহাসিক মুলুকে চল দিবস” উপলক্ষে নিহত সকল চা শ্রমিকদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে তালগাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন চা শ্রমিকরা। জলবায়ু অভিযোজন, ন্যায্যতা, সুবিচার ও প্রাপ্য অধিকার থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত।
তারা আরও বলেন, “আমরা আর মুলুকে ফিরে যেতে চাই না। আমরা ২০২৬ সালের সচেতন চা শ্রমিক। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে নাগরিক হিসেবে সমমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই।”
বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চা শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই রাষ্ট্রের কাছে তারা ভূমির অধিকার, মানসম্মত মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়াও তারা ২০ মে “ঐতিহাসিক মুলুকে চল দিবস”-কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান, দিবসটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা, চাঁদপুরের মেঘনাঘাটে শহীদদের স্মরণে ভাস্কর্য নির্মাণ এবং পাঠ্যপুস্তকে ২০ মে’র ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানান।
চা শ্রমিক নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্র তাদের ন্যায্য দাবিগুলোর প্রতি ইতিবাচক পদক্ষেপ নেবে।





