সকল জল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তোফায়েল আহমেদ খানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সুনামগঞ্জ–১ ও সুনামগঞ্জ–৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে সুনামগঞ্জ–১ আসনে নেজামে ইসলাম পার্টিকে প্রার্থী দেওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের সঙ্গে আলোচনার পর তারা এ আসনটি জামায়াতে ইসলামীর জন্য ছেড়ে দিয়েছেন। এ জন্য নেজামে ইসলাম পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরও বৃদ্ধি করুন।’
আমীরে জামায়াত আরও বলেন, সুনামগঞ্জ–১ আসন চারটি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করা হবে। তাঁর বক্তব্যের সময় ‘মার্কা কী, মার্কা কী—দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।





