জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে সম্ভাব্য প্রার্থীদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার, ১০ ডিসেম্বর নির্বাচন পরিচালনা-২ এর অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ‘এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদেরকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।
নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রীগুলো অপসারণ-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে।




