হবিগঞ্জের লাখাই উপজেলায় ধানের খলায় গরুর বাছুর ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার আয়নারটুক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সরাজ মিয়া ও কুদ্দুস মিয়ার পক্ষের মধ্যে জমি–সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এর জেরে সোমবার এক পক্ষের ধানের খলায় অন্য পক্ষের একটি বাছুর ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় জাহাঙ্গীর নামে এক পুলিশ সদস্যসহ দুইজন পুলিশ সদস্য আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আহত পুলিশ সদস্যদের চিরা-জখম হয়েছে, গুরুতর কিছু নয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ধানের খলায় গরু প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




