মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রকাশিত ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকায় তাঁর নাম নিশ্চিত করা হয়।
জহরত আদিব চৌধুরী মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এলাকার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরী-এর কন্যা। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিবার থেকে উঠে আসায় তাঁর এই মনোনয়ন তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাঁর পিতার আদর্শ অনুসরণ করে বড়লেখা, জুড়ীসহ পুরো জেলার উন্নয়নে কাজ করতে চান এবং এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় আড্ডা—সবখানেই এখন জহরত আদিবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।




