নরসিংদীর মনোহরদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে হাসপাতাল ও একটি মেডিকেল হলে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে মনোহরদী সেন্ট্রাল হাসপাতালে অনুমোদনহীন কীট ব্যবহার করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবহৃত অনুমোদনহীন কীট জব্দ করা হয়।
একই অভিযানে জনকল্যাণ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একই আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুম মুনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন, নরসিংদী।
নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।





