যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি শরফু উদ্দিন (৩৬) এবং তার আট বছর বয়সী মেয়ে রামিসা নিহত হয়েছেন। রবিবার রাত ১০টা ১৭ মিনিটে বার্লিংটন কাউন্টির ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কের ফ্লোরেন্স টাউনশিপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিউ জার্সি পুলিশ জানায়, শরফু উদ্দিন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে হিউনডাই টুসন মডেলের গাড়ি চালিয়ে পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টির দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা একটি হিউনডাই সান্তা ফে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের গার্ডরেলে ধাক্কা খেয়ে পুনরায় মহাসড়কে উঠে শরফুর গাড়িকে সজোরে আঘাত করে। ফলে উভয় গাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনায় শরফু উদ্দিন এবং তার মেয়ে রামিসা ঘটনাস্থলেই মারা যান। শরফুর ২৬ বছর বয়সী স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। হিউনডাই সান্তা ফে গাড়ির ২৯ বছর বয়সী নারী চালক, যিনি ফ্লোরিডার মায়ামির বাসিন্দা, তিনিও গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, শরফু উদ্দিন ফেনীর ফরহাদনগরের বাসিন্দা ছিলেন। তিনি এসএসসি ও এইচএসসি শেষ করে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে নিউ জার্সির এলিজাবেথ সিটিতে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফাস্টফুড রেস্তোরাঁর ম্যানেজার হিসেবে কাজ করতেন।
বুধবার নিউ জার্সিতে বাবা-মেয়েকে পাশাপাশি দাফন করা হয়। তাদের জানাজায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এবং শোক প্রকাশ করেন।
নিউ জার্সি পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিউনডাই সান্তা ফে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে বিস্তারিত তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।




