সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাস্তার উন্নয়নে অবদান রেখেছেন সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলী। তিনি ছিলেন উন্নয়নের রূপকার।
সংসদ সদস্য থাকাকালে একযোগে তিন উপজেলার গ্রামীণ রাস্তা পাকাকরণসহ নতুন রাস্তা নির্মাণ করে গ্রামীন যোগাযোগ ব্যবস্থা সহজ করছেন, যার সু-ফল আমরা এখনো ভোগ করছি। একাধিক রাস্তায় এখনো নাম ফলক রয়েছে তার, যা দীর্ঘদিনেও সংস্কার হয়নি। এসব রাস্তা পুণরায় সংস্কারসহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বিএনপি সবসময় সহযোগীতা করবে বলে মন্তব্য করছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৬ মে) বিকালে ওসমানীনগর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ও স্থানীয়দের সহযোগীতায় তাজপুর ইউনিয়নের খাশিপাড়া-হরিনগর প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতে ৬ লক্ষ টাকা ব্যয়ে ৪শ ফুট আরসিসি পাকাকরণ রাস্তার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে গ্রামিন উন্নয়নসহ নাগরিকদের অধিকার বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সময়ের মতো জনকল্যাণে কাজ করবে বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বর্তমান উপদেষ্টা মো. রফিক উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক-সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, বিএনপি নেতা আব্দুর রব প্রমুখ।




