চারদিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। তার সফরের সময় বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় জাপানের পক্ষ থেকে এক বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে বলে আমরা প্রত্যাশা করছি। যার মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজেটারি সহায়তা, ২৫০ মিলিয়ন রেলখাতের উন্নয়ন এবং ২৫০ মিলিয়ন ডলার অন্যান্য খাতের জন্য। নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।




