অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টার কিছু সময় পর বৈঠকটি শেষ হয়।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় সাড়ে ৩টার পর প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একান্ত বৈঠকটি শেষ হয়েছে। বৈঠক শেষে তারেক রহমান তার লন্ডনে বাসভবনে ফিরে গেছেন বলে জানান শায়রুল কবির।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের রুম পর্যন্ত তারেক রহমানকে এগিয়ে দেওয়া হয়।
এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। সেই মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন, ‘খুব ভালো লাগছে।’ তারেক রহমানও বলেন, ‘আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন?’
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘চলছে, টাইনা টুইনা চলতে হয়।’
এ সময় তারেক রহমান বলেন, ‘আম্মা (খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।




