অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ ধরতে হবে। আমরা বিষণ্ন নয়, সুন্দর একটি বিশ্ব গড়তে চাই। স্বপ্ন না দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের শিক্ষাব্যবস্থা এমন হতে হবে, যেখানে প্রথমেই স্বপ্ন দেখতে শেখানো হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে। এই যে বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার ভিত্তিতে, এটি ধ্বংস হয়ে যাবে। আমরা নতুন সভ্যতার কথা বলি, সেটাই ভবিষ্যতের পথ।
শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দু’দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপন করা হচ্ছে। এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো দিন। বিগত সরকারের আপত্তির কারণে এ দিন পালন সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি পালন করা গেল। সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।




