জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য আমরা রাস্তায় নামিনি। গণ-অভ্যুত্থান হয়েছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে। আপনাদের কথাগুলো শুনতে এসেছি। আমাদেরই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশে যদি বারবার স্বৈরাচার জন্ম নেয় তাহলে এই বাংলাদেশ, এ দেশের মানুষের কোন উপকার হবে না।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ তেঁতুলিয়া বাজার ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের চাহিদা, আশা-আকাঙ্ক্ষার কথা শুনে এনসিপি। ভবিষ্যতে নতুন বাংলাদেশে গড়তে তেঁতুলিয়ার মানুষদের পাশে থাকার অনুরোধ করেন এনসিপির নেতারা।

নাহিদ ইসলাম বলেন, আমরা বাংলাদেশে এমন একটি রাজনীতি দেখতে চাই। যে রাজনীতি হবে প্রকৃত অর্থেই নাগরিকদের জন্য। আমরা এতদিন দাসের মত জীবনযাপন করেছি। অভ্যুত্থানের পর আমরা আর দাসের মত জীবনযাপন করতে চাইনা। আমরা সমান অধিকার নিয়েই বাঁচতে চাই। এনসিপি নাগরিকদের জন্যই রাজনীতি করবে। নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, আমরা তিনটি দাবি নিয়ে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান। শেখ হাসিনা আমাদের হাজারো ভাই-বোনদের খুন করে ভারত পালিয়ে গেছে। ভারত থেকে নিয়ে এসে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলছি, মুজিববাদী সংবিধান নয়, নতুন একটি সংবিধান এ দেশের মানুষের জন্য নিশ্চিত করতে হবে।




