জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। যে সংস্কারের কথা আপনাদের সন্তানরা দেওয়ালে লিখেছে। সেই সংস্কার আমরা এনেই ছাড়বো। সংস্কারের পথে যারা বাধা দেবে, দেশের মানুষ তাদের মনে রাখবে। আপনাদের সন্তানদের যারা গত বছর জুলাই-আগস্টে খুনের নির্দেশ দিয়েছে তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। আমরা আর ওই বাংলাদেশে ফেরত যাবো না। যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজেই নাগরিকদের খুন করে, গুম করে। এটা কোনো রাষ্ট্র হতে পারে না।
রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে নগরীর গোরহাঙ্গা রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে নিউ মার্কেট ঘুরে সাহেববাজারের সমাবেশে যুক্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন প্রমুখ।

ডা. তাসনিম জারা আরো বলেন, যে সংবিধান আমাদের অধিকার সুরক্ষিত কারতে পারে না। যে সংবিধান সব জাতিসত্তার অধিকার সুরক্ষিত করতে পারে না। সেই সংবিধানের আমাদের প্রয়োজন নাই। বাংলাদেশ হবে সব নাগরিকের। বাংলাদেশ হবে সব বাংলাদেশিদের জন্য। সরকারি অফিসে গিয়ে কেনো ঘুষ দিয়ে কাজ করাতে হবে। সরকারি অফিসে বাংলাদেশের নাগরিক তার নাগরিক সুযোগ সুবিধা পাবে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরার জন্য আন্দোলন করি নাই। সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পট পরিবর্তনের কোনো চেষ্টা করা হয়। আমাদের বুকের ওপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। আমরা নির্বাচন চাই, অবশ্যই চাই। তবে সেটা সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ। যারা ছাত্র, আপনারা যারা পরতর্তী সময়ে এসি হবেন, এসপি হবেন, ডিসি হবেন। আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালি করতে চান? আপনারা কি আর কোনো স্বৈরাচারের পাহারাদার হতে চান? গণঅভ্যুত্থানে যারা দাঁড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে। ছাত্র-তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে। যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান- তরুণদের সাথে বসতে হবে। তাদের জিজ্ঞাস করতে হবে, তারা আর তাঁবেদারি করতে চায় কি না। এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না। এই তরুণ সমাজ আর তাঁবেদার হতে চায় না। এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না।




