আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে । তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না। সোমবার (২১ জুলাই) ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার প্রয়োজনে যত কিছু দরকার, তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের কোনোরকম ঘাটতি থাকবে না। প্রধান উপদেষ্টা বার বার হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, সরকার আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো। বিয়োগান্তক ও মর্মান্তিক এ ঘটনা কেন, কীভাবে ঘটল, আমরা অবশ্যই তা তদন্ত করে দেখবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




