পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যেসব নদী পলি পড়ে মরে যাচ্ছে, যেগুলোকে আমরা বাঁচাতে পারবো। নদী রক্ষা কমিশনকে সাথে নিয়ে সেগুলোর তালিকা করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। এ জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোর তালিকা প্রণয়নের নির্দেশ দেন তিনি।
বুধবার (২৩ জুলাই) ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬ তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক আবু হোরায়রাসহ বোর্ডের সদস্যরা।
উপদেষ্টা বলেন, সংকটাপন্ন যে নদীগুলোকে বাঁচানো যাবে সেগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন , যাতে করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। দেশের কোন কোন জায়গায় সংকটাপন্ন নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে।
উপদেষ্টা বলেন, আমাদেরকে সংকটাপন্ন নদীগুলোর সংকট চিহ্নিত করতে হবে এবং সংকট দূর করতে আমাদের কি কি করণীয় রয়েছে সেটি খুঁজে বের করতে হবে। এ জন্য বুয়েট, সিইজিআইএস ,বোর্ড সদস্য, নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় থেকে একজনসহ মোট পাঁচ সদস্য বিশিষ্ট সংশ্লিষ্টদের একটি কমিটি করার নির্দেশ দেন তিনি। তারা এই কমিটি সংকটাপন্ন নদীগুলোকে যাচাই-বাছাই করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।




