বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রবিবার (৩ আগস্ট) সকালে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। এ ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
৩২ বছর বয়সী এক ব্যক্তি সেলি ওকের এই হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হেফাজত থেকে পালিয়ে যান। বার্মিংহাম মেইলের প্রতিবেদনে জানানো হয়, হাসপাতাল কর্মীরা জানান—পুলিশ তাকে হাতকড়া পরাতে যাচ্ছিলেন, এমন সময় ওই ব্যক্তি সুযোগ বুঝে পালিয়ে যান।
ওই ব্যক্তি দোকানে চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বের মামলার কারণে পুনরায় কারাগারে নেওয়ার নির্দেশ ছিল বলে জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। তাকে “রেকল টু প্রিজন”-এর আওতায় খোঁজা হচ্ছে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এক বিবৃতিতে জানায়, “রবিবার সকাল ৯টা ৩০ মিনিটের কিছু পরে, একজন গ্রেফতার হওয়া ব্যক্তি কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনগত হেফাজত থেকে পালিয়ে যায়।
৩২ বছর বয়সী এই ব্যক্তি পুনরায় কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত এবং দোকান চুরির সন্দেহভাজন।
তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাদের ৯৯৯ নম্বরে কল করে ৩ আগস্টের লগ নম্বর ৬৫৮ উল্লেখ করার অনুরোধ জানানো হচ্ছে।”
ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে জরুরি ভিত্তিতে পাঁচটি পুলিশ গাড়ি এসে হাজির হয় এবং হেরিটেজ বিল্ডিংয়ের পাশে অবস্থান নেয়। পাশাপাশি হাসপাতাল চত্বরজুড়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে খোঁজ চালায় আরও বেশ কয়েকটি ইউনিট। পুলিশের ড্রোন ইউনিট, হেলিকপ্টার এবং পুলিশ কুকুর ব্যবহার করে তল্লাশি অভিযান চালানো হয়।
একজন হাসপাতালকর্মী জানান, “তাকে (আটককৃত ব্যক্তিকে) অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সির বাইরে একটি পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল। তখনই হাতকড়া পরানোর আগে সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়। এরপর প্রায় আধাঘণ্টা ধরে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে।”
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওই ব্যক্তি এখনো পলাতক রয়েছেন। পুলিশ তার খোঁজে অভিযান অব্যাহত রেখেছে।




