পিছিয়ে থাকা কুড়িগ্রাম জেলার উন্নয়ন ত্বরান্বিত করা এবং বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আজ শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহসভাপতি ও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদত হোসেন, সাংবাদিক ইউনুছ আলী, মোখলেছুর রহমান, আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু এবং শিক্ষক এনামুল হক।
সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, জেলার ৪৬৯টি চরে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। কুড়িগ্রামে ৯২ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী, ৭০ দশমিক ৮ শতাংশ দরিদ্র এবং ৫৩ দশমিক ৩ শতাংশ মানুষ হতদরিদ্র। এদের অনেকেরই সকালের খাবার জোগাড় করতেও কষ্ট হয়।
তিনি বলেন, সারাদেশে ৪৪টি মন্ত্রণালয় থাকলেও কুড়িগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রয়োজন। এই প্রেক্ষাপটেই জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে। এর কাজ হবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, জেলার প্রতিটি সেক্টরে অন্যায়, অবিচার ও দুর্নীতি রোধ করে কুড়িগ্রামের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।




