বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা ‘চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’, ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’, ‘কোটা না মেধা, মেধা মেধা’—এমন নানা স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়।
তাঁদের তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।





