জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতা–কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির নেতা–কর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে জেলা সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ–সম্পাদক আব্দুন নুর তালুকদার।
এ সময় বক্তব্য দেন জেলা সিনিয়র সহ–সভাপতি নাহিদা খানম, যুব অধিকারের জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদের নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজধানীতে গণঅধিকার পরিষদের মিছিল চলাকালে জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নুরসহ অসংখ্য নেতা–কর্মীর ওপর হামলা চালিয়েছে। এতে গুরুতর আহত হন নূরুল হক নুর। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
বক্তারা বলেন, ভিপি নূরের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যদি দোষীদের আইনের আওতায় আনা না হয়, তবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





