এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. বজলুর রশিদ ও আজিজার রহমান (দুলু)। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফখরুল ইসলাম।
প্রশাসনের একটি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করেন জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এরপর অধূমপায়ী আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়। কারামুক্ত হয়ে এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন সাংবাদিক আরিফুল হক রিগান। ৫ বছর ধরে এই মামলা চলছে।




