বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে। হাসিনার পালিয়ে যাওয়ার পর এক বছর সময় হয়ে গেছে। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোনো উপায় নেই। গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না। দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি।
তিনি আরো বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হবে। দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এসব পরিকল্পনা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে।




