অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে অনুষ্ঠিত ‘অ ড্রপিং’ নামের জমকালো ইভেন্টে নতুন এই সিরিজ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। খবর এনডিটিভির।
আইফোন ১৭ সিরিজে চারটি মডেল বাজারে আনা হয়েছে— আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘আইফোন এয়ার’। এটিকে এ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে স্লিম বা পাতলা আইফোন হিসেবে দাবি করেছে অ্যাপল।
এই মডেলের নকশায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী। তিনি আইফোন এয়ারকে বর্ণনা করেছেন ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে।
বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আবিদুর চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন এবং অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কর্মরত।
নিজেকে সমস্যা সমাধানে আগ্রহী ও নতুন কিছু শেখার অনুরাগী হিসেবে পরিচয় দেন তিনি। আবিদুর বলেন, তার লক্ষ্য এমন পণ্য তৈরি করা, যেগুলো ছাড়া মানুষের দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন।
লন্ডনের লাফবোরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন আবিদুর। ছাত্রজীবনে পেয়েছেন একাধিক সম্মানজনক পুরস্কার। কর্মজীবনে তিনি ক্যামব্রিজ কনসালট্যান্টস, কারভেন্টার এবং লন্ডনের লেয়ার ডিজাইনে কাজ করেছেন।
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি নিজের প্রতিষ্ঠান ‘আবিদুর চৌধুরী ডিজাইন’ পরিচালনা করেন এবং বিভিন্ন সংস্থা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৯ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর থেকে টানা ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন আবিদুর চৌধুরী।




