জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইসির নির্ধারিত ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে ওই তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।
তিনি আরও বলেন, এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। কিন্তু তালিকায় না থাকায় তাদের জানানো হয়েছে বিকল্প প্রতীক প্রস্তাব করতে। বিষয়টি নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।
ইসি সচিব জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো পর্যালোচনায় রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম এক ধাপ এগিয়েছে। একই সঙ্গে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ইসি তাদের তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করে। এর আগে ৬৯টি প্রতীক ছিল। এখন মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫। এগুলো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হলেও কোনো প্রতীক বাদ বা নতুন প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে মন্ত্রণালয় কোনো সুপারিশ করেনি।




