সিলেটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের একদল চিকিৎসক এসেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
চিকিৎসক দলটির নেতৃত্ব দেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের সভাপতি শেলিনা বেগম। ফাউন্ডেশনের উদ্যোগে আগত এ বিশেষজ্ঞ চিকিৎসকরা কয়েক দিন সিলেটে অবস্থান করে বিভিন্ন হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করবেন।
শেলিনা বেগম জানান, “প্রবাসে থাকা বাংলাদেশি চিকিৎসকরা সবসময় দেশের মানুষের পাশে থাকতে চান। আমাদের লক্ষ্য—যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়া।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা কার্যক্রমকে ঘিরে সিলেটে নানা আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে ইতোমধ্যে আগ্রহীদের নাম নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে।
এ উদ্যোগকে ঘিরে সিলেটের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।




